লেখক পরিচিতি
লেখা সম্পর্কিত
ল্যাপটপ ফেষ্টিভাল ২০০৯ উদ্বোধন
তিনদিন ব্যাপী জমজমাট ল্যাপটপ ফেষ্টিভাল ’০৯’ এর উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া বলেছেন- একবিংশ শতাব্দীতে ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রত্যয়ে ল্যাপটপ ফেষ্টিভাল ২০০৯ একটি প্রশংসনীয় উদ্যোগ। ইভেন ম্যানেজম্যান্ট ফার্ম ক্রিয়েশন এন্ড ওয়ার্কস কর্তৃক আয়োজিত হয় এই ‘‘ল্যাপটপ ফেষ্টিভাল ২০০৯’’।
গত পরশু শুক্রবার শিল্প মন্ত্রী প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন। নগরীর ইঞ্জিনিয়ার ইনস্টিটিউট মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে মন্ত্রী আরো বলেন- সত্যিকারের ডিজিটাল বাংলাদেশ থেকে আজ আমরা খুব বেশি দূরে নই। তথ্য প্রযুক্তিতে বাংলাদেশ এখন অনেক এগিয়ে। বর্তমানে তথ্যপ্রযুক্তিতে বাংলাদেশের ইতিহাস সম্ভাবনার ইতিহাসে। আর সেই সম্ভাবনাগুলোকে সম্ভব করতে ক্রিয়েশন এন্ড ওয়ার্কস এর মত সংগঠনগুলো কাজ করে যাচ্ছে। চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাধারন সম্পাদক নাজিম উদ্দিন শ্যামল এর সভাপতিত্ত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি আরো বলেন- তথ্য প্রযুক্তির এ যুগে উন্নতির চরম শিখরে পৌঁছাতে হলে ল্যাপটপের ভূমিকা অপরিসীম। বর্তমান গ্লোবাল ভিলেজ কনসেপ্টের এই সময়ে ইন্টারনেট সহ অন্যান্য প্রযুক্তির মাধ্যমে বিশ্ব আজ আমাদের হাতের মুঠোয়। আপনারা জানেন, বর্তমানে মহাজোট সরকারের নির্বাচনী ইশতেহার ছিল ‘‘ডিজিটাল বাংলাদেশ নির্মান’’। এই ডিজিটাল বাংলাদেশ গড়ার ক্ষেত্রে আইটি সেক্টরের উন্নয়নের কোন বিকল্প নেই। এ ধরনের ফেষ্টিভাল প্রযুক্তির উৎকর্ষতার ক্ষেত্রে আমাদের অনেক দূর এগিয়ে নিয়ে যাবে। এ ধরনের ফেষ্ঠিভাল প্রতিটি জেলা শহরে অনুষ্ঠিত হওয়ার উপরও মন্ত্রী গুরুত্বারোপ করেন।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখতে গিয়ে সাবেক মন্ত্রী এম এ মান্নান বলেন- বর্তমান সরকার ঘোষিত উন্নয়নের রোডম্যাপ অনুযায়ী প্রযুক্তি ক্ষেত্রে উন্নয়নের মাধ্যমে পুরো দেশের উন্নয়ন সাধনে এ ধরনের মেলা বিশেষ গুরুত্বের দাবী রাখে। চট্টগ্রাম চেম্বারের সভাপতি এম এ লতিফ এমপি বলেন- দক্ষ জনশক্তি তৈরী করার ক্ষেত্রে আইটি সেক্টর অবিস্মরনীয় অবদান রাখছে। এই মেলা তারই অংশ।
চট্টগ্রাম প্রেস ক্লাব সাধারন সম্পাতদক রাশেদ রউফ বলেন- বিশ্ব উন্নয়নের ধারাবাহিকতার সাথে তাল মেলাতে হলে বাংলাদেশর প্রযুক্তি ক্ষেত্রে এগিয়ে যাওয়ার কোন বিকল্প নেই।
পূর্বকোণের বার্তা সম্পাদক আবু তাহের মোহাম্মদ বলেন- বাংলাদেশের সম্ভাবনার উম্নোচনে আগামী দিনগুলোতে প্রযুক্তিই হবে অন্যতম প্রধান অনুষঙ্গ।
মেলা শুরুর প্রথম দিনেই দর্শনার্থীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। প্রথম দিন হিসেবে অনেকেই তার পছন্দের ল্যাপটপ পরখ করে দেখেন। এ মেলায় সর্বনিম্ন ২২,৫০০ টাকা থেকে শুরু করে লক্ষাধিক টাকা মূল্যের ল্যাপটপ পাওয়া যাচ্ছে। মেলায় দেশের বিভিন্ন প্রযুক্তি কোম্পানীগুলো বিশেষ মূল্য ছাড় দিচ্ছে। এ মেলায় ১৫টি প্রতিষ্ঠান ২১টি ষ্টল এবং ২টি প্যাভিলিয়ন নিয়ে অংশগ্রহন করেছে। এ প্রতিষ্ঠান গুলো হচ্ছে- এইচপি, লিনোভো, কমপেক, বেনকিউ, ফুজিৎসু, এ্যাপল, এসার, ডেল, আসুস, এভারাটেক। মেলায় স্পন্সর প্রতিষ্ঠান হচ্ছে- এইচপি, লিনোভো, এসার। মেলা আজ রোববার রাত অবদি চলবে।
প্রথম দিন প্রায় দশ হাজার দর্শনার্থী মেলায় এসে নিজেদের ল্যাপটপ পছন্দ করেন। প্রথম দিনে প্রায় দেড়শ’টি ল্যাপটপ বিক্রি হয়। সর্বসাধারণের সুবিধার জন্য পুরো মেলাটি ওয়াই-ফাই প্রযুক্তির মাধ্যমে ইন্টারনেট সেবা দিচ্ছে।