ঢাকার শীর্ষস্থানীয় শিক্ষা প্রতিষ্ঠান অক্সফোর্ড ইন্টারন্যাশনার স্কুল, "প্রত্যেক শিক্ষার্থীর জন্য ১টি করে ল্যাপটপ" নামে একটি যুগোপযোগী প্রকল্প গ্রহণ করেছে। এটি বাংলাদেশে এ ধরনের প্রথম উদ্যোগ। এ প্রকল্পে শীর্ষস্থানীয় আইসিটি প্রতিষ্ঠান স্মার্ট টেকনোলজিস (বিডি) লি.

শিক্ষাথীদের জন্য সাশ্রয়ী মূল্যে ACER, HP ও GIGABITE ব্র্যান্ডের ল্যাপটপ সরবরাহ করবে এবং এতে ঋণ সহায়তা দেবে দেশের শীর্ষস্থানীয় বাণিজ্যিক ব্যাংক, ব্যাংক এশিয়া লি.।
এ উপলক্ষে ৪ ফেব্রুয়ারি ’০৯ অক্সফোর্ড ইন্টারন্যাশনার স্কুলের অডিটোরিয়ামে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলের অধ্যক্ষ জি.এম. নিজাম উদ্দিন, স্মার্ট টেকনোলজিস (বিডি) লি.-এর ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জহিরুল ইসলাম এবং ব্যাংক এশিয়া লি.-এর ব্যবস্থাপনা পরিচালক ইরফানউদ্দিন আহমেদ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।
অনুষ্ঠানে বিশিষ্ট তথ্যপ্রযুক্তিবিদ মোস্তাফা জববার এ ধরনের উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, দিনটি স্মরণীয় হয়ে থাকবে। এর মাধ্যমে ডিজিটাল বাংলাদেশ গড়ার ক্ষেত্রে এক ধাপ এগিয়ে গেল বাংলাদেশ।
আরও বক্তব্য রাখেন অক্সফোর্ড ইন্টারন্যাশনার স্কুলের সভাপতি মো. সাখাওয়াত হোসেন। তিনি ডিজিটাল বাংলাদেশ রূপায়নে তথ্যপ্রযুক্তি সামগ্রীকে সুলভ উপায়ে শিক্ষার্থীদের হাতে তুলে দেয়ার ব্যাপারে জোর দেন।
স্মার্ট টেকনোলজিস (বিডি) লি.-এর ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জহিরুল ইসলাম বলেন, একুশ শতকে তথ্যপ্রযুক্তি শিক্ষার বিকল্প নেই। তিনি বলেন, কোমলমতি শিশুদের হাতে তথ্যপ্রযুক্তি সেবা তুলে দেবার এই কর্মসূচিতে অংশীদার হতে পেরে আমরা গর্বিত। তিনি জানান, স্মার্ট প্রতি বছর অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলের সেরা শিক্ষার্থীকে শিক্ষা-বৃত্তি প্রদান করবে।
ব্যাংক এশিয়া লি.-এর ব্যবস্থাপনা পরিচালক ইরফানউদ্দিন আহমেদ বলেন, শিক্ষার্থীদের তথ্যপ্রযুক্তি খাতে সহায়তা করতে পেরে আমরা গর্বিত।
এছাড়াও বক্তব্য রাখেন, ব্যাংক এশিয়া লি.-এর উপ-ব্যবস্থাপনা পরিচালক এস.এম. খোরশেদ আলম, অক্সফোর্ড ইন্টারন্যাশনার স্কুলের অধ্যক্ষ জি.এম. নিজাম উদ্দিন ও পরিচালক আয়েশা হোসেন শাহনিলা।
যুগোপযোগী এই প্রকল্পটির সার্বিক সমন্বয়কারী ছিলেন স্মার্ট টেকনোলজিসের ব্যবস্থাপক বিপণন, মুজাহিদ আল বিরুনী।
অনুষ্ঠানে অন্যান্যের মাঝে স্মার্টের মহাব্যবস্থাপক বিপণন জাফর আহমেদ, সিনিয়র ব্যবস্থাপক আবুল বাশার মোহাম্মদসহ স্মার্ট টেকনোলজিস ও ব্যাংক এশিয়ার ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলের বিপুল সংখ্যক উৎসাহী ও আগ্রহী শিক্ষার্থীবৃন্দ এবং গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
চুক্তি স্বাক্ষরের পর সাংবাদিকদের কাছে এ প্রকল্পের বিভিন্ন তথ্যাদি তুলে ধরা হয়।