হোম >
আইটি খবর > পুলিশ বিভাগে চালু হচ্ছে ওয়ান লাইন কমপিউটার পদ্ধতি
লেখক পরিচিতি
লেখা সম্পর্কিত
পুলিশ বিভাগে চালু হচ্ছে ওয়ান লাইন কমপিউটার পদ্ধতি
কমপিউটার জগৎ রিপোর্ট-
পুলিশ বিভাগে শিগগিরই চালু হতে যাচ্ছে ওয়ান লাইন কমপিউটার পদ্ধতি। প্রথম পর্যায়ে ১০টি থানায় পরীক্ষামূলকভাবে এটি চালু হচ্ছে। পরে দেশের সব থানায় তা সম্প্রসারণ করা হবে। ইতোমধ্যে কমপিউটারাইজেশন অব পুলিশ স্টেশন প্রকল্পের আওতায় ১০৫টি থানায় কমপিউটার পৌঁছে গেছে। স্থাপন করা হয়েছে ১৮টি টাওয়ার। আগামী ৩ মাসের মধ্যে ১০৫টি থানাকে এবং পর্যায়ক্রমে দেশের সব থানাকে কমপিউটার নেটওয়ার্কের আওতায় আনার পরিকল্পনা রয়েছে। পুলিশ সদর দফতর সূত্র এ তথ্য জানিয়েছে। এছাড়া সম্প্রতি বাংলাদেশ কমপিউটার কাউন্সিলের এক অনুষ্ঠানে স্বরাষ্ট্র সচিব আব্দুস সোবহান সিকদারও পুলিশ বিভাগকে আধুনিকীকরণের বিভিন্ন পরিকল্পনার কথা উলে¬খ করেছেন।
সূত্র বলছে, এ পদ্ধতি চালু হলে থানা পর্যায়ে পুলিশের দুর্নীতি, তথ্য চেপে যাওয়া ও কর্তব্যে অবহেলার মাত্রা অনেকাংশে কমে যাবে। কোনো থানায় জিডি করা হলে সাধারণত পুলিশ কোনো তদন্ত ছাড়াই মনগড়া রিপোর্ট দিয়ে থাকে। ফৌজদারি মামলা হলেও অর্থের বিনিময়ে অনেক আসামির নাম এজাহার থেকে বাদ দেয়া হয়। এ ছাড়াও নানা অনিয়ম হয়ে থাকে। ওয়ান লাইন কমপিউটার পদ্ধতি চালু হলে এসব দুর্নীতি ও অনিয়মের সুযোগ থাকবে না। কারণ কোথাও মামলা বা জিডি হলে তা অনলাইনের মাধ্যমে দেশের সব থানায় চলে যাবে। সেখানে ঘষামাজা বা আসামির তালিকা থেকে কাউকে গোপনে বাদ দেয়ার সুযোগ থাকবে না। আসামি ধরাও সহজ হবে।