লেখক পরিচিতি
লেখা সম্পর্কিত
বেসিস-এর বাজেট প্রতিক্রিয়া
জাতীয় বাজেট ২০১২-১৩ ঘোষণার প্রেক্ষিতে বাংলাদেশ এসোসিয়েশন অব সফ্টওয়্যার এন্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) এবং বাংলাদেশ আইসিটি জার্নালিস্ট ফোরাম (বিআইজেএফ) এর পক্ষ থেকে একটি তাৎক্ষণিক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। বেসিস এর পক্ষ থেকে সভাপতি মাহবুব জামান বলেন, বেসিস থেকে মাননীয় অর্থমন্ত্রীর কাছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতের উন্নয়নে জাতীয় আইসিটি নীতিমালা ২০০৯-এর নিরিখে যেসকল প্রস্তাব (আইসিটি ইন্ডাস্ট্রি ডেভেলপমেন্ট ফান্ড গঠনের জন্য ৭০ কোটি টাকা বরাদ্দ রাখা, ১০ হাজার আইটি প্রফেশনাল তৈরির জন্য ক্রাশ ট্রেনিং প্রোগ্রাম বাবদ ৫০ কোটি টাকা, ইন্টারনেট ব্যবহারের ওপর থেকে ১৫% ভ্যাট প্রত্যাহার এবং সফ্টওয়্যার ও আইটি সার্ভিসের জন্য ভ্যাট-এর আওতায় একটি পৃথক সার্ভিস কোড প্রবর্তন করা) পেশ করা হয়েছিল ঘোষিত বাজেটে তার সুনির্দিষ্ট কোনো প্রতিফলন পাওয়া যায়নি।
তবে বেসিস নেতৃতবৃন্দ জানান, বাজেটে ঘোষিত বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে গতবারের তুলনায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতে উল্লেখযোগ্য বরাদ্দ রাখা হয়েছে, যা প্রশংসনীয়, যার পরিমাণ ২৯৪ কোটি টাকা। তবে এই অর্থ বরাদ্দের ক্ষেত্রে সুনির্দিষ্ট কোন খাত উল্লেখ করা হয়নি। এ প্রেক্ষিতে বেসিসের প্রস্তাব এই বরাদ্দের সিংহভাগ আইসিটি শিল্প উন্নয়নে সুনির্দিষ্ট কিছু প্রকল্পে (সফ্টওয়্যার টেকনোলজি পার্ক, ট্রেনিং ইন্সটিউট ইত্যাদি) ব্যয় করা হোক।
বেসিস-এর পক্ষ থেকে বাজেটে কর ও শুল্ক প্রস্তাবের ব্যাপারে হতাশা ব্যক্ত করা হয়। বেসিসসহ সকল আইটি ইন্ডাস্ট্রি এসোসিয়েশনের পক্ষ থেকে ইন্টারনেট ব্যবহারের ওপর থেকে ১৫% ভ্যাট প্রত্যাহারের প্রস্তাব দিলেও বাজেটে তা বিবেচনা করা হয়নি। এছাড়া সফ্টওয়্যার ও আইটি সার্ভিসের জন্য মূল্য সংযোজন করের একটি পৃথক সার্ভিস কোড ঘোষণার দাবি করা হয়। এ বিষয়েও বাজেটে কোনো প্রতিফলন দেখা যায়নি।
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে বেসিসের সিনিয়র সহসভাপতি ফাহিম মাশরুর এবং মহাসচিব ফোরকান বিন কাশেম এবং বিআইজেএফ সভাপতি কাওসার উদ্দিন উপস্থিত ছিলেন।