কুমিল্লা জিলা স্কুল অডিটরিয়ামে ইউনাইটেড পিপলস ট্রাস্ট (ইউপি ট্রাস্ট), ইয়াং পাওয়ার ইন সোশ্যাল অ্যাকশন (ইপসা), ডেভেলপমেন্ট রিসার্চ নেটওয়ার্ক (ডি.নেট) এবং আইসিটি ক্লাবের যৌথ উদ্যোগে বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্যসংঘ দিবস উপলক্ষে ডিজিটাল বাংলাদেশ শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়। মিডিয়া পার্টনার ছিল কমপিউটার জগৎ, দৈনিক ইত্তেফাক, দ্য নিউ এজ, এনটিভি, রেডিও ফুর্তি এবং বিডিনিউজ ২৪ ডট কম।
সেমিনারে মাল্টিমিডিয়ার মাধ্যমে প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ কমপিউটার সমিতির সভাপতি মোস্তাফা জববার। স্বাগত বক্তব্য রাখেন অ্যাডভোকেট মো: গোলাম ফারুক। সভাপতিত্ব করেন ইউনাইটেড পিপলস ট্রাস্ট (ইউপি ট্রাস্ট)-এর প্রতিষ্ঠাতা এবং সিইও মো: আলী হাজারী। এতে মডারেটর ছিলেন সিলেটের মাহবুবুর রহমান শাহেদ।
সেমিনারে মুক্ত আলোচনায় অংশ নেন ডি.নেটের সিনিয়র প্রোগ্রাম অফিসার মোশারফ হোসেন, উৎসাহের চেয়ারম্যান আহাম্মদ উল্লাহ আসাদী, ডিআরআর মীর নাজমুল আহসান রবীন, চট্টগ্রাম সিটি কলেজের ছাত্র শাখাওয়াত হোসেন, সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ছাত্র আবু সালেহ চৌধুরী ও চট্টগ্রামের এনামুল হক সাগর।
বক্তারা টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তির ক্ষেত্রে বাংলাদেশের তথা কুমিল্লার অগ্রগতি, সম্ভাবনা ও সমস্যার কথা তুলে ধরেন। তারা বলেন, সেলফোন টেলিকমিউনিকেশন বিশ্বকে এনে দিয়েছে হাতের মুঠোয়। ইন্টারনেট, এসএমএস, ভয়েস এসএমএস ইত্যাদি সার্ভিসের কল্যাণে তথ্য-যোগাযোগ হয়ে উঠেছে অনেক বেশি সহজ। তাই আধুনিক তথ্যপ্রযুক্তির সমন্বয়ে তথ্যসমাজ এবং ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলার জন্য কার্যকর ভূমিকা রাখতে হবে কর্তৃপক্ষকে।