Comjagat.com-The first IT magazine in Bangladesh
  • ভাষা:
  • English
  • বাংলা
হোম > আইটি খবর > বাংলাদেশ কম্পিউটার সমিতির প্রাক্তন সভাপতি জনাব এস.এম ইকবাল উইটসার পরিচালক নির্বাচিত
লেখক পরিচিতি
লেখকের নাম: কজ রিপোর্টার
লেখা সম্পর্কিত
পাবলিশ:
২০১২-১০-২৩
রেটিং: ০ মন্তব্য:
বাংলাদেশ কম্পিউটার সমিতির প্রাক্তন সভাপতি জনাব এস.এম ইকবাল উইটসার পরিচালক নির্বাচিত
গত ২১ অক্টোবর কানাডার মন্ট্রিল কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ইনফরমেশন টেকনোলজি সার্ভিসেস এলাইয়েন্স (উইটসা) বোর্ড ডিরেক্টরস এর ২০১২-১৪ মেয়াদকালের নির্বাচনে বাংলাদেশ কম্পিউটার সমিতির মনোনীত প্রার্থী জনাব এস.এম. ইকবাল পরিচালক পদে নির্বাচিত হয়েছেন। তিনিই প্রথম বাংলাদেশী যিনি তথ্যপ্রযুক্তির আন্তর্জাতিক সংগঠনটির নীতিনির্ধারণী পদে নির্বাচন করে পরিচালক নির্বাচিত হয়েছেন। টেকভিশন সিস্টেমস এন্ড সলিউশন্স এর ব্যবস্থাপনা পরিচালক জনাব এস.এম. ইকবাল ২০০৪-২০০৫ মেয়াদকালে বিসিএস-এর সভাপতির দায়িত্ব পালন করেন। বাংলাদেশ কম্পিউটার সমিতির কার্যনির্বাহী কমিটি এবং সকল সদস্যদের তরফ থেকে জনাব এস.এম ইকবালকে আন্তরিক অভিবাদন এবং অভিনন্দন জানানো হয়েছে।

উইটসার নির্বাচনে বাংলাদেশ কম্পিউটার সমিতির পক্ষে মহাসচিব জনাব মো: শাহিদ-উল-মুনীর ভোট প্রদান করেন। নির্বাচিত হওয়ার পর জনাব এস.এম. ইকবালকে উষ্ণ অভিনন্দন জানান সমিতির মহাসচিব জনাব মো: শাহিদ-উল-মুনীর, কোষাধ্যক্ষ জনাব মো: জাবেদুর রহমান শাহীন, পরিচালক জনাব মজিবুর রহমান শাহীন এবং ‘ডব্লিউসিআইটি ২০১২’-এ অংশ নেওয়া সমিতির সদস্যরা। উইটসার চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন মেক্সিকোর সানটিয়াগো গুটিয়ারেজ। তাৎক্ষনিক প্রতিক্রিয়ায় জনাব ইকবাল বাংলাদেশ কম্পিউটার সমিতির প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন বিসিএস এর মনোনয়নে পরিচালক নির্বাচিত হতে পেরে তিনি আনন্দিত। বাংলাদেশের তথ্যপ্রযুক্তি শিল্পকে বিশ্ব দরবারে ইতিবাচকভাবে তুলে ধরতে এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের প্রতিনিধিত্ব আর সুদৃঢ় করতে ভূমিকা রাখবেন বলে তিনি জানান।

তথ্যপ্রযুক্তি খাতের আন্তর্জাতিক এই সংগঠনটি বিশ্বের ৮৪ টি দেশের প্রতিনিধিত্ব করে। উইটসা তথ্যপ্রযুক্তি খাতে বৈশ্বিক নীতি, কর্মপ্রক্রিয়া এবং পরামর্শ প্রদানে কার্যকর প্রতিষ্ঠান হিসেবে ইতোমধ্যে সমাদৃত।

উল্লেখ্য, ওয়ার্ল্ড ইনফরমেশন টেকনোলজি এন্ড সার্ভিসেস এলাইয়েন্স (উইটসা) আয়োজিত ২২-২৪ অক্টোবর ২০১২ কানাডার মন্ট্রিলে অনুষ্ঠিতব্য ওয়ার্ল্ড কনগ্রেস অন ইনফরমেশন টেকনোলজি (ডব্লিউসিআইটি) ২০১২-এ বাংলাদেশ কম্পিউটার সমিতির মহাসচিব জনাব মো: শাহিদ-উল-মুনীরের নেতৃত্বে ৯ সদস্যের একটি প্রতিনিধি দল অংশ নিচ্ছেন। এছাড়াও বিসিএস এর মহাসচিব জনাব মো: শাহিদ উল-মুনীর ২১ অক্টোবর অনুষ্ঠিত উইটসার জেনারেল এসেম্বলিতে বাংলাদেশ কম্পিউটার সমিতির প্রতিনিধিত্ব করেন।
খবরের ছবিগুলো
সর্বশেষ খবর