লেখক পরিচিতি
লেখকের নাম:
মর্তুজা আশীষ আহমেদ
লেখা সম্পর্কিত
স্বয়ংসম্পূর্ণ ওয়েব পোর্টাল comjagat.com
অনেকদিন ধরেই বাংলায় একটি স্বয়ংসম্পূর্ণ ওয়েব পোর্টালের অভাব ছিল। মাসিক কমপিউটার জগৎ পত্রিকার ওয়েব সাইট তার ১৮ বছর পূর্তিতে পত্রিকার ওয়েব সাইটকে (www.comjagat.com) একটি স্বয়ংসম্পূর্ণ ওয়েব পোর্টালে রূপান্তরিত করে। যা বাংলা ভাষায় আইসিটি চর্চার একটি সাহসী পদক্ষেপ। দেখা যাক এই স্বয়ংসম্পূর্ণ ওয়েব পোর্টালের কিছু ফিচার এবং এর পেছনের কিছু কথা।
এই ওয়েব সাইটের বেশ কিছু ফিচার আছে যে কারণে একে স্বয়ংসম্পূর্ণ ওয়েব পোর্টাল বলা হচ্ছে। দেখা যাক ঠিক কী কী কারণে একে ওয়েব পোর্টাল বলা হচ্ছে। ওয়েব পোর্টাল বলতে আমরা বুঝি ওয়েবভিত্তিক অনেকগুলো সুবিধা একইসাথে পাওয়া যাবে। সাধারনত কোনো ওয়েব পোর্টালে একইসাথে সার্চ ইঞ্জিনের পাশাপাশি ইমেইল, পণ্য এবং পণ্য সংশ্লিষ্ট তথ্য, খবর, বিনোদন ইত্যাদি নানারকমের সার্ভিস। এই সুবিধাগুলোর মধ্যে অধিকাংশই কমপিউটার জগৎ ওয়েব পোর্টালে পাওয়া যাবে। মূলত কমপিউটার জগৎ ওয়েব পোর্টালটি একটি আইসিটিভিত্তিক ওয়েব পোর্টাল। এই পোর্টালের মূল ফিচারগুলো হচ্ছে এর সর্টিং ও সার্চিং, মাসিক কমপিউটার জগৎ রিলেটেড অনেক সার্ভিস যেমন এর আর্কাইভ ও পত্রিকা পাঠ সম্পর্কিত কিছু সুবিধা(পিডিএফ ,ফ্ল্যাশ ও ইউনিকোডভিত্তিক লিখা), এসএমইদের জন্য পণ্য ও ইভেন্টভিত্তিক কিছু সুবিধা, প্রযুক্তিভিত্তিক সব ধরনের পণ্যের খবরাখবর এবং তার সংশ্লিষ্ট অন্যান্য তথ্য, দেশ বিদেশের তথ্যপ্রযুক্তিভিত্তিক খবরাখবর এবং সর্বোপরি কমপিউটার জগত ব্লগ সার্ভিস।
মাসিক কমপিউটার জগৎ পত্রিকা এবং আর্কাইভসঃ
প্রথমেই আসা যাক এই পোর্টালের মাধ্যমে মাসিক কমপিউটার জগতের আর্কাইভস এবং পত্রিকা সংশ্লিষ্ট ফিচারে। এই ওয়েব পোর্টালের সবচেয়ে বড় সুবিধা হচ্ছে এখানে মাসিক কমপিউটার জগতের বিভিন্ন লিখা সরাসরি পড়ার ব্যবস্থা থাকছে। সাম্প্রতিক সময়ের লিখাসমূহ সরাসরি টেক্সট ফরম্যাটে পাওয়া যাবে। তাছাড়া আর্কাইভ থেকে আগের লিখাগুলো তিনটি ফরম্যাটে পাওয়া যাবে। এগুলো হচ্ছে জেপিজি ইমেজ ফরম্যাট, স্ক্যানড পিডিএফ ফরম্যাট এবং পত্রিকা পড়ার সুবিধার জন্য ফ্ল্যাশ ফরম্যাট। সাম্প্রতিক সময়ের লিখাগুলো যেগুলো টেক্সট ফরম্যাটে আছে সেই লিখাগুলো সরাসরি ইউনিকোড, জেপিজি ইমেজ ফরম্যাট, স্ক্যানড পিডিএফ এবং ফ্ল্যাশ ফরম্যাটে পাওয়া যাবে।
এই ওয়েব পোর্টালের সার্চিং এবং সর্টিং বিভাগ বেশ উন্নত করে তৈরি করা হয়েছে। বাংলা এবং ইংরেজি দুটি ভাষাতেই মাসিক কমপিউটার জগতে প্রকাশিত যেকোনো লিখা খুঁজে বের করা যাবে। এমনকি লিখার মূল কনটেন্ট বাংলায় থাকলেও হেডিং দিয়ে তা বেরফ করা সম্ভব দুটি ভাষাতেই। তা ছাড়া মূল লিখার একটি করে সারাংশ ইংরেজি এবং বাংলা দুই ভাষাতেই লিখার সাথে দেয়া আছে যাতে করে ভাষার কারণে কারো লিখা বুঝতে সমস্যা না হয়। এই পোর্টালে মাসিক কমপিউটার জগতের প্রতিটি লিখাকে ইস্যু ধরে এবং লেখকের নাম ধরে অথবা কীওয়ার্ড ধরে আলাদা আলাদা পেজে বের করা সম্ভব। যার জন্য একই ডাটাবেসে রেখে মাল্টিপল সার্চিং এর ব্যবস্থা রাখা হয়েছে।
মাসিক কমপিউটার জগতে প্রকাশিত গত ১৮ বছরের সব লিখা বিভিন্ন কীওয়ার্ড দিয়ে আলাদা করা হয়েছে। সেই কীওয়ার্ড অনুসরন করে মাল্টিপল কীওয়ার্ড সার্চিং এর মাধ্যমে খুব দ্রুত কাঙ্খিত লিখা খুঁজে বের করা যাবে। এই সার্চিং শুধু এই পোর্টালের ওয়েব সাইটে কর্যকর তা নয়। এই সার্চিং গুগলের মাধ্যমেও সম্ভব। এজন্য এই পোর্টালে দুই ধরনের সার্চিং এর ব্যবস্থা রাখা হয়েছে। এর একটি হচ্ছে পোর্টালের নিজস্ব সার্চিং সিস্টেম এবং অন্যটি হচ্ছে পোর্টাল থেকে গুগলের মাধ্যমে সার্চিং। যে সার্চিং সিস্টমই ব্যবহার করা হোক না কেন মূল সার্চ করে কোন লিখা বের করার পর তার সংশ্লিষ্ট কীওয়ার্ড থেকে মাল্টিপল সিলেকশনের মাধ্যমে দুই-তিন ধাপে লিখা বের করা সম্ভব। এ ধরনের মাল্টিপল সিলেকশনের মাধমে কাঙ্খিত বিষয়বস্তু খোঁজা খুব কম পোর্টালেই ব্যবহার করা হয়েছে। মাল্টিপল কীওয়ার্ড সিলেকশনের মাধ্যমে বিষয়বস্তু খোঁজার কারণে খুব স্পেসিফিকভাবে অল্প সময়ে সার্চিং সম্পন্ন করা যায়।
এখানে আলাদাভাবে প্রতিটি লিখাকে রেটিং করা যায়। এর পাশাপাশি প্রতিটি লিখাকে আলাদা আলাদা মন্তব্য করা যায়। এই রেটিং এবং মন্তব্য করা যায় ভালো লাগা বা মন্দ লাগা থেকে। তবে এখানে রেটিং করতে চাইলে এই পোর্টালের সদস্য হতে হবে। শুধু সদস্য হবার পরেই এখানকার ফোরামে যুক্ত হয়ে মন্তব্য করতে পারবেন। একবার সদস্য হয়ে গেলে মন্তব্য করার পাশাপাশি এখানকার ব্লগেও লিখালিখি করতে পারবেন। আর প্রত্যেক লেখকের লিখার সংখ্যা এবং লিখা পোস্ট হবার সময় ইত্যাদি তথ্য দেয়া থাকবে। এটা এই পোর্টালের ব্লগারদের জন্য শুধু নয়। মাসিক কমপিউটার জগতের সকল লেখকদের জন্যও। কেউ চাইলে এখান থেকে হুবহু মাসিক কমপিউটার জগৎ পত্রিকার প্রিন্টেড ভার্সনের পিডিএফ ডাউনলোড করে নিতে পারবেন। শুধু সাম্প্রতিক সময়ের কোনো সংখ্যা বা কপি নয়, বরং পুরো ১৮ বছরের যেকোন সংখ্যার বা আর্টিকেলের প্রিন্টেড ভার্সনের পিডিএফ এখান থেকে ডাউনলোড করা যাবে। শুধু তাই নয়, নির্দিষ্ট কোনো আর্টিকেল বা সংখ্যা ইমেইলের মাধ্যমে অন্য কারও কাছে এর লিঙ্ক ফরোয়ার্ড করার সুবিধা এখানে রাখা হয়েছে। সেইসাথে প্রতিটি সংখ্যার প্রিন্টেড কপির ফ্ল্যাশ এখানে রাখা হয়েছে। আমরা যেভাবে পত্রিকা পড়ি ঠিক সেই একইভাবে এখানে ফ্ল্যশ অ্যানিমেশনের মাধ্যমে পত্রিকা পড়া যাবে।
ব্যবহারকারীদের জন্য অপরচুনিটিঃ
এই পোর্টালের ব্যবহারকারীদের কিছু সুযোগ বা অপরচুনিটির ব্যবস্থা রাখা হয়েছে। এগুলোর মধ্যে চাকরীর সুযোগ, আর্থিক সুযোগ, ফ্রিল্যান্সের সুযোগ, স্বেচ্ছা সুযোগ, লেখাপড়ার সুযোগ প্রভৃতি রয়েছে। এই সুযোগগুলোর মাধ্যমে যেকেউ তার নিজের জন্য ভালো কোনো অবস্থান তৈরি করতে পারেন এবং অন্যকেও ভালো কোনো অবস্থানের সুযোগ করে দিতে পারেন।
পন্যের খোঁজঃ
এখানে আইসিটিভিত্তিক যেকোনো পণ্যের ব্যাপারে জানা যাবে। শুধু আইসিটিভিত্তিক পণ্যই নয়, এখানে প্রযুক্তি পণ্য নামে একটি বিভাগ আছে যেখান থেকে প্রযুক্তির বিভিন্ন আধুনিক এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের ব্যাপারে জানা যাবে। এগুলোর মধ্যে মোবাইল ফোন, ডিজিটাল ক্যামেরা ইত্যাদি নানা পণ্যের তালিকা আছে। এখান থেকে প্রতিনিয়ত এসকল পণ্যের ব্যাপারে আপডেট জানা যাবে। এখানে যেকেউ তার নিজস্ব পণ্যের ব্যাপারেও জানাতে বা বিজ্ঞাপণ দিতে পারবেন। সেইসাথে এসকল পণ্যের প্রাপ্তিস্থান এবং ব্যবহার সম্পর্কেও এখান থেকে জানার সুযোগ রয়েছে।
আইসিটিভিত্তিক ইভেন্ট ও পোলঃ
এই পোর্টালের আরেকটি উল্ল্যেখযোগ্য বিষয় হচ্ছে এখান থেকে বিভিন্ন ইভেন্ট বা অনুষ্ঠান সম্পর্কে জানা যাবে। এমনকি কেউ চাইলে এখানে ইভেন্ট যোগ করতে পারবেন। সুযোগ রয়েছে সবাইকে কোনো নির্দিষ্ট ইভেন্ট সম্পর্কে জানানোর। সেইসাথে এখানে নিউজ ইভেন্ট যুক্ত করা আছে যা প্রতিদিন আপডেট করা হয়ে থাকে। এখানে দেশের প্রতিদিনকার নিত্যনতুন আইসিটি নিউজ থাকবে। বড়সড় কোনো ইভেন্ট বা অনুষ্ঠানের কথা আগে থাকে দেয়া থাকলে নির্ধারিত দিনে তা দেখাবে। অনুষ্ঠান শুরুর সময়, ঠিকানা, শেষ ইত্যাদি ইভেন্টের সাথে যুক্ত করা থাকে। এর পাশাপাশি অনুষ্ঠানের অতিথিদের নিয়ে খবরের সাথে সাথে ফটোগ্যালারী বা ভিডিওর ব্যবস্থা রাখা আছে। এগুলোতে সদস্যদের মন্তব্যের পাশাপাশি এভেন্ট সংশ্লিষ্ট আর্টিকেল, তথ্য, খবর ইত্যাদি যুক্ত করা যাবে।
এই পোর্টালে আইসিটিপ্রমীদের জন্য ক্যুইজ এবং পোলের ব্যবস্থা রাখা আছে। এগুলোতে নিয়মিতভাবে দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে আইসিটিপ্রেমীরা অনলাইনের মাধ্যমে অংশ নিয়ে থাকে। তাছাড়া অন্যান্য সার্ভিসের মধ্যে এখানে ব্যবহারকারীদের মধ্যে প্রযুক্তিপণ্য কেনা-বেচা করার ব্যবস্থা রাখা হয়েছে। মূলত আইসিটির নানা ধরনের ব্যবহারকারীদের কথা মাথায় রেখে এখানে ব্যবহারকারীভিত্তিক ফোরামের ব্যবস্থা রাখা হয়েছে। এখানে ব্লগভিত্তিক ফোরাম ম্যানেজ করা যাবে। বিভিন্ন সামাজিক নেটওয়ার্কিং ওয়েব সাইটের মতো এখানে সদস্য হলে ফোরামের সাথে সাথে ইউজার নেমের সাথে মিলিয়ে অন্যান্য ব্লগিং সাইটের মতো ব্যবহারকারী একটি আলাদা পেজ পাবেন। যেটি তার পার্সোনাল পেজ হিসেবে ব্যবহৃত হবে। অন্য কেউ সেই পেজ ধরে সেই ব্যবহারকারীকে খুঁজে বের করতে পারবেন। শুধু তাই নয়, ব্যবহারকারী তার ইচ্ছেমতো নিজের পেজ সাজিয়ে নিতে পারবেন এখান থেকে। শুধু ব্যবহারকারীই নয়, এখানে কোনো প্রতিষ্ঠানের পক্ষেও নিজেদের প্রোডাক্ট, ইভেন্ট, হার্ডওয়্যার, সফটওয়ার প্রভৃতি সম্পর্কে অন্য ব্যবহারকারীদের জানানো বা খবর দেয়ার সুযোগ থাকছে। সেইসাথে তাদের জন্যও প্রতিষ্ঠানের ছবি, ভিডিও ইত্যাদি আপলোড করার সুযোগ থাকছে।
এখানে আরেকটি আকর্ষনীয় ফিচার যুক্ত করা হয়েছে। সেটি হচ্ছে মোবাইল ফোনের এসএমএস এর মাধ্যমে ইভেন্ট, খবর, প্রোডাক্টের ক্রয়-বিক্রয় যুক্ত করা যাবে। এসএমএসের মাধ্যমে কমপিউটার জগৎ ওয়েব পোর্টালের ক্যুইজেও অংশ নেয়া যাবে। অনেক সময়ই আমাদের সাথে ইন্টারনেট বা কমপিউটারের ব্যবস্থা থাকে না। সেইসব বিশেষ মুহূর্তের কথা চিন্তা করে এই ফিচার এই পোর্টালে যুক্ত করা হয়েছে।
এসএমই ব্যক্তি বা প্রতিষ্ঠানের জন্য সুযোগঃ
এই ওয়েব পোর্টালের সবচেয়ে আকর্ষনীয় ফিচার হচ্ছে এর নতুন আইসিটিভিত্তিক প্রতিষ্ঠানের জন্য যেসকল ব্যবস্থা রাখা হয়েছে। এসএমই ব্যক্তি বা প্রতিষ্ঠানের জন্য এখানে পেজ তৈরি করা যাবে এবং বিনামূল্যে তাদের জন্য খবর, ইভেন্ট বা পণ্যের প্রচারের ব্যবস্থা রাখা হয়েছে। সেইসাথে তাদের ফটোগ্যালারী বা ভিডিও আপলোডের ব্যবস্থাও এখানে আছে। যার ফলে অনেক প্রতিষ্ঠান বা ব্যাক্তিবর্গ যারা নজেরা কিছু করতে চান কিন্তু মূল্ধনের অভাবে নিজেদের প্রচার শুরু করতে পারছেন না তাদের প্রচারের জন্য কমপিউটার জগত ওয়েব পোর্টাল বেশ কার্যকর ভূমিকা রাখতে পারে। এমনকি এই পোর্টালের মাধ্যমে তারা নিজেদের পণ্য প্রচারের পাশাপাশি বিপনন কার্যক্রম চালিয়ে যেতে পারবেন। এই পোর্টালে নিবন্ধন করার পর এসএমই ব্যক্তি বা প্রতিষ্ঠানের জন্য একটি নিজস্ব এবং আলাদা কন্ট্রোল প্যানেল তৈরি হবে। এই কন্ট্রোল প্যানেলের মাধ্যমে প্রতিষ্ঠানের অনেক কিছু নিয়ন্ত্রণ করা যাবে যা পুরোপুরি নিজস্ব ওয়েব সাইটের পরিপূরক হিসেবে কাজ করবে।
কমপিউটার জগত ব্লগঃ
এবারে আসা যাক এই পোর্টালের ব্লগিং ফিচারে। এই ওয়েব পোর্টালে মাসিক কমপিউটার জগৎ পত্রিকার নিজস্ব ব্লগ তৈরি করা হয়েছে। কী এই ব্লগ? ব্লগ শব্দটি ইংরেজি Blog এর বাংলা প্রতিশব্দ, যা এক ধরণের অনলাইন জার্নাল । ইংরেজি Blog শব্দটি আবার Weblog এর সংক্ষিপ্ত রূপ। ব্লগের মূল উদ্দেশ্য হচ্ছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তিভিত্তিক নানারকমের সমাধান দেয়া ও প্রযুক্তিপ্রমীদের উৎসাহিত করা যারা এসকল প্রযুক্তিতে নতুন। ব্লগ অত্যাধুনিক প্রযুক্তি ও বিভিন্ন ইস্যুর খবরাখবর জানতে জানাতে ব্যবহার করা হয়। যিনি ব্লগে পোস্ট করেন তাকে ব্লগার বলার হয়। ব্লগাররা প্রতিনিয়ত তাদের ওয়েবসাইটে কনটেন্ট যুক্ত করেন আর ব্যবহারকারীরা সেখানে তাদের মন্তব্য করতে পারেন। এছাড়াও সাম্প্রতিক কালে ব্লগ ফ্রিলান্স সাংবাদিকতার একটা মাধ্যম হয়ে উঠছে। সাম্প্রতিক ঘটনাসমূহ নিয়ে এক বা একাধিক ব্লগার রা এটি নিয়মিত আপডেট করেন। বর্তমানে বাংলায় প্রচুর ব্লগিং সাইট তৈরি হয়েছে। এগুলোর মধ্যে অনেকগুলো বেশ জনপ্রিয়। কিন্তু অনেক ব্লগ পাওয়া যাবে যেগুলোকে ঠিক স্বয়ংসম্পূর্ণ বলা যাবে না।
স্বয়ংসম্পূর্ণ ব্লগ বলতে যা বুঝায় তা এখানে পাওয়া যাবে। স্বয়ংসম্পূর্ণ ব্লগ বলা হচ্ছে তার কারণ অধিকাংশ ব্লগিং সাইটে সাধারণত একটি বা দুইটি কীবোর্ডে ব্লগ লিখার সুবিধা পাওয়া যায়। এই সাইটে ব্লগ লিখার জন্য ফোনেটিক কীবোর্ডসহ মোট চারটি কীবোর্ডে লিখার সুবিধা পাওয়া যাবে। শুধু ব্লগে করা মন্তব্য এখানে আলাদাভাবে দেখা যাবে। এখানে নির্বাচিত এবং সংকলিত কিছু ব্লগ বা পোস্ট আলাদাভাবে পাওয়া যাবে। এই ব্লগের সবচেয়ে বড় ফিচার হচ্ছে এর সার্চিং। ব্লগার এবং ব্লগের নানা বিষয়বস্তু ধরে যেকোনো ব্লগ খুঁজে বের করা যাবে। সেইসাথে ইংরেজিতেও এই সার্চিং সম্ভব এই ব্লগিং এ।
এবারে দেখা যাক একনজরে কমপিউটার জগৎ (www.comjagat.com) ওয়েব পোর্টালে কী কী আছেঃ
হোমপেজে বাম পাশ থেকে শুরুতেই লগইন মেনু। একই পাশ থেকে এর পরে রয়েছে প্রযুক্তিপণ্য এবং ব্যবহারকারীদের জন্য ক্যুইজ এবং পোলের ব্যবস্থা। মাঝে রয়েছে মাসিক কমপিউটার জগৎ পত্রিকার সাম্প্রতিক সময়ের সংখ্যা বা চলতি সংখ্যা। এখানে মাসিক কমপিউটার জগতের সাম্প্রতিক সংখ্যার বিভিন্ন লিখা দেখা এবং পড়া যাবে। এর নীচেই পাওয়া যাবে বাংলাদেশের আইসিটি জগতের সাম্প্রতিক সময়ের বিভিন্ন খবরাখবর। এর নীচে আছে সংকলিত ব্লগপোস্ট। হোমপেজের একদম ডানপাশে আছে বিভিন্ন ধরনের সুযোগের খবরাখবর, গেম, ক্যুইজ ইত্যাদি।
হোমপেজের পরেই আছে কমপিউটার জগতের পাতা। এখানে চলতি সংখ্যা সহ কমপিউটার জগৎ আর্কাইভ এবং ফিডব্যাক দেবার ব্যবস্থা আছে। তার পরের পাতায় আছে নানা রকমে পণ্যের খবরাখবর। এখানে আইসিটিভিত্তিক পণ্যের পাশাপাশি অন্যান্য বিনোদনমূলক অনেক পণ্যের খবরাখবর এবং এদের সংশ্লিষ্ট তথ্যও থাকবে। এর পরের পাতাগুলো হচ্ছে সার্ভিস রিসোর্স এবং ব্লগের পাতা।
আজ থেকে প্রায় ১৮ বছর আগে মরহুম অধ্যাপক আবদুল কাদের যে আন্দোলনের সূচনা করেছিলেন তার চলমান প্রক্রিয়া সাইবার মিডিয়াতেও পূর্ণাঙ্গরূপে শুরু হয়েছে তা ভাবতেই ভালো লাগে। এতে জড়িয়ে আছে আনেক মানুষের নিরলস সাধণা আর শ্রম। এ প্রক্রিয়া অব্যাহত থাকবে বলে আমাদের বিশ্বাস।
ফিডব্যাকঃ mortuzacsepm@yahoo.com