হোম >
আইটি খবর > ক্যানন ডিজিটাল ক্যামেরার উপর ৪ দিনব্যাপী আয়োজন
লেখক পরিচিতি
লেখা সম্পর্কিত
ক্যানন ডিজিটাল ক্যামেরার উপর ৪ দিনব্যাপী আয়োজন
সম্প্রতি জে.এ.এন. অ্যাসোসিয়েটস-এর উদ্যোগে বিশ্ববিখ্যাত ক্যানন ডিজিটাল ক্যামেরার উপর ৪ দিনব্যাপী অনুষ্ঠান মালার আয়োজন করা হয়। এই উপলক্ষে বাংলাদেশে আসেন দক্ষিন পূর্ব এশিয়ার একজন নামকরা ইমেজিং বিশেষজ্ঞ টিয়োহ্ পেং কি এবং ক্যানন-এর সিনিয়র এরিয়া ম্যানেজার, রিক্সন ওং। তারা বেশ কয়েকটি সেমিনার, পুস্তকের মোড়ক উন্মোচন এবং দেশের শীর্ষস্থানীয় আলোকচিত্রশিল্পীদের সঙ্গে সাক্ষাতে অংশ নেন।
১১ই জানুয়ারী ২০১১ তারিখে আগত বিদেশি প্রশিক্ষকগন জে.এ.এন অ্যাসোসিয়েটস-এর কার্যালয়ে অনুষ্ঠিত সেমিনারে অংশ নেন। এ সেমিনারটি ছিল মূলত যারা ডিএসএলআর ক্যামেরা অল্পদিন ধরে ব্যবহার করছেন তাদের জন্য। তাদের অনেকেই ছিলেন সৌখিন আলোকচিত্রশিল্পী। ক্যাননের এত বড় মাপের বিশেষজ্ঞকে পেয়ে তারা আনন্দিত হন এবং অনেক প্রশ্ন করেন। উল্লেখ্য, বাংলাদেশে ডিজিটাল ক্যামেরার ব্যবহার বাড়ানোর জন্য গত কয়েক বছর ধরে জে.এ.এন. অ্যাসোসিয়েটস এর মাধ্যমে ক্যানন নবীন আলোকচিত্রশিল্পীদের জন্য নিয়মিত এ ধরণের সেমিনারের আয়োজন করে আসছে।
১১ই জানুয়ারী বিকালে শীর্ষস্থানীয় ইংরেজী দৈনিক দা ডেইলি স্টার এর কার্যালয়ে ডিএসএলআর ফটোগ্রাফির উপর সেমিনারের আয়োজন করা হয়। সেখানে ডেইলি স্টার পত্রিকায় কর্মরত আলোকচিত্রশিল্পীবৃন্দ ক্যাননের বিশেষজ্ঞ এর সঙ্গে তাদের পেশাগত অভিজ্ঞতার কথা তুলে ধরেন। অন্যদিকে টিয়োহ্ পেং কি ডিএসএলআর ফটোগ্রাফি মিডিয়ার কাজে কিভাবে ব্যবহার করা যেতে পারে সে দিকটা তুলে ধরেন।
১২ই জানুয়ারি ২০১১ তারিখে জে.এ.এন অ্যাসোসিয়েটস-এর আইডিবি কার্যালয়ে পেশাদার ও অভিজ্ঞ আলোকচিত্রশিল্পীদের জন্য সেমিনারের আয়োজন করা হয়। একই দিন দুপুরে ইংরেজি দৈনিক ডেইলি সানের কার্যালয়ে ডেইলি সান ও বাংলানিউজ২৪ সংবাদ সংস্থায় কর্মরত আলোকচিত্রশিল্পীবৃন্দের জন্য আর একটি সেমিনারের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ডেইলি সান পত্রিকার সম্পাদক অধ্যাপক ড. সৈয়দ আনোয়ার হোসেন, জে.এ.এন অ্যাসোসিয়েটস এর ম্যানেজিং ডিরেক্টর আব্দুল্লাহ এইচ কাফি এবং ক্যাননের সিনিয়র এরিয়া ম্যানেজার রিক্সন অং।
১২ই জানুয়ারী বিকালে ক্যানন থেকে আগত বিদেশী প্রশিক্ষকবর্গ A Photographic Guide to Birds of Bangladesh শীর্ষক গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে যোগ দেন। তারা এই গ্রন্থের প্রণেতা ড. রোনাল্ড হালদারের সাথে কথা বলেন ও বইটির গুণগত মানের ব্যাপক প্রশংসা করেন। উল্লেখ্য এই বইটিতে ৭৩৫টি আলোকচিত্র রয়েছে। ড. রোনাল্ড হালদার দেশের আলোকচিত্র শিল্পের বিকাশে আব্দুল্লাহ এইচ কাফি ও জে.এ.এন অ্যাসোসিয়েটস এর প্রচেষ্টাকে সাধুবাদ জানান।
১৩ই জানুয়ারী সকালে ক্যানন ডিএসএলআর ফটোগ্রাফির উপর জে.এ.এন অ্যাসোসিয়েটস এর কার্যালয়ে সেমিনারের আয়োজন করা হয়। এ দিন দুপুরে ডেইলি সান পত্রিকার কার্যালয়ে ডেইলি সান পত্রিকা ও বাংলানিউজ২৪ সংবাদ সংস্থার আলোকচিত্রশিল্পীবৃন্দের জন্য যে সেমিনারের আয়োজন করা হয় তার বিষয়বস্তু ছিল ক্যানন ডিএসএলআর ক্যামেরার রক্ষণাবেক্ষণ ও পোস্ট প্রোডাকশন টিপস। এ সেমিনারে অংশগ্রহণকারীদের মধ্যে সৈয়দ জাকির হোসেন (প্রধান আলোকচিত্রশিল্পী, দা ডেইলি সান) উল্লেখ করেন যে এ ধরণের সেমিনার তার মত পেশাদার আলোকচিত্রশিল্পীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কেননা এ ধরণের সেমিনার তাদের পেশাগত দক্ষতা বৃদ্ধিতে কার্যকর ভূমিকা রাখে।
১৩ই জানুয়ারী ২০১১ তারিখে বিদেশ থেকে আগত প্রশিক্ষকগন বাংলাদেশের শীর্ষস্থানীয় দৈনিক প্রথম আলোতে সেমিনারে অংশ নেন। সেখানে তারা প্রথম আলোর আলোকচিত্রশিল্পীদের সঙ্গে ক্যানন ডিএসএলআর ক্যামেরার কারিগরি বিভিন্ন দিকে তুলে ধরার পাশাপাশি আলোকচিত্র সাংবাদিকতার বিভিন্ন দিক নিয়ে মত বিনিময় করেন।
৪ দিন ব্যাপী অনুষ্ঠান মালার শেষ দিনে ছিল স্ট্রিট ফটোগ্রাফি বা রাস্তায় গিয়ে ছবি তোলা। মালয়েশিয়া থেকে আগত ক্যাননের বিশেষজ্ঞ টিয়োহ্ পেং কি বলেন যে বাংলাদেশে তিনি যতবারই আসছেন ততবারই এ দেশে ডিজিটাল ক্যামেরার দ্রুত প্রসার ও আলোকচিত্রশিল্পীদের ডিজিটাল ক্যামেরার প্রতি ক্রমবর্ধমান আগ্রহ দেখে মুগ্ধ হচ্ছেন। ক্যাননের সিনিয়র এরিয়া ম্যানেজার, রিক্সন অং, বাংলাদেশে ক্যাননের ডিজিটাল ক্যামেরা জনপ্রিয় করে তোলার পেছনে জে.এ.এন অ্যাসোসিয়েটস-এর ও বিশেষ করে আব্দুল্লাহ এইচ কাফির নিরলস প্রচেষ্টার কথা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন।
অনুষ্ঠান মালার সকল সমাপ্তি শেষে জে.এ.এন অ্যাসোসিয়েটস এর ম্যানেজিং ডিরেক্টর আব্দুল্লাহ এইচ কাফি সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান।