জাগরণ
লাখো শহীদের আত্মদানে মুক্ত স্বদেশ বাংলাদেশের সংস্কৃতি আমাদের গৌরব, আমাদের অহংকার।
বাংলাদেশের সঙ্গীত জগতের ইতিহাস গৌরবের ইতিহাস। গৌরবের এই ইতিহাসকে ধারণ করে দেশের সঙ্গীত জগৎকে আরো সমদ্ধ ও উজ্জ্বল করার অঙ্গীকার নিয়ে ১ ডিসেম্বর ২০০৮ প্রতিষ্ঠা হয়েছে জাগরণ সংস্কৃতিচর্চা ও গবেষণা কেন্দ্র।
বাংলার মানুষের দীর্ঘদিনের মরণপণ সংগ্রামের ফসল স্বাধীন বাংলাদেশ। এই সুদীর্ঘ সংগ্রামের ইতিহাস বুকে ধারণ করে আছে গণসঙ্গীত। আমাদের সংগ্রামে গণসঙ্গীত কখনো হয়েছে অগ্রযাত্রী, কখনো সহযাত্রী, কখনো প্রেরণাদাত্রী। শোষণ
নিপীড়নের বিরুদ্ধে সংগ্রামকে করেছে সংগঠিত, জনগণকে করেছে উজ্জীবিত।
এ লক্ষ্যে বাংলা ভাষায় রচিত হাজার হাজার দেশাত্মবোধক গান ও গণসঙ্গীত সংগ্রহ, তার প্রকৃত রচয়িতা, সুরকার ও প্রথম গায়নের ইতিহাস সংগ্রহ, তার সঠিক গীতরূপ ও সুর সংগ্রহ ও সংরক্ষণ, রচনার ইতিহাস উদ্ঘাটন এবং তা দক্ষ শিল্পীদের কণ্ঠে বাণীবদ্ধ করা ও দেশব্যাপী তা ছড়িয়ে দেয়ার কার্যক্রম গ্রহণ করা হয়েছে। এ বিপুল কার্যক্রমের প্রথম
পর্যায়ে একাত্তরটি কালোত্তীর্ণ গণসঙ্গীতের একটি এলবাম প্রকাশিত হলো।